"নির্বাচনী সংস্কার ইস্যু ও সুনামগঞ্জ নির্বাচন প্রেক্ষিত" মতবিনিময় সভা

 

আজ (০৯ জুলাই) সকাল ১০ টায় প্রেস ক্লাবের হল রুমে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে 'নির্বাচনী সংস্কার ইস্যু ও সুনামগঞ্জ নির্বাচন প্রেক্ষিত' শীর্ষক সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুজনের আহ্বায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ ৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ,এস,এম শাহ্জাহান ও সুজনের সদস্য সচিব ড: বদিউল আলম মজুমদার

এছাড়া বিভিন্ন পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করেন, দৈনিক আমার দেশের প্রতিনিধি কাজী হাফিজ, দৈনিক অবজারভার প্রতিনিধি খন্দকার মহিফুল ইসলাম, নাগরিক উদ্যোগের জাকির হোসেন প্রমূখ

অধ্যাপক মোজাফ্ফর আহমদ তাঁর বক্তব্যে বলেন, রাজনৈতিক দলের কোন নিবন্ধ
নেই এবং দেশের বৃহত্‍ দলগুলো এতে রাজী হচ্ছে না ৷ রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র চর্চা নেই ৷ সর্বোপরি রাজনৈতিক সদাচার নেই ৷ যা থাকলে নির্বাচন প্রক্রিয়া অনেক ইতিবাচক হবে এবং তত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা থাকবে না ৷ যে কোন তথ্য সকল নাগরিকের জানার অধিকার রয়েছে, কিন্তু সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচনের ক্ষেত্রে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি ৷ তিনি হলফনামার বিষয়টি তুলে ধরে বলেন সুনামগঞ্জের ক্ষেত্রে তা যথাযথভাবে পালন করা হয়নি ৷ তিনি বলেন শিক্ষাগত সম্পর্কিত তথ্য দেবার ক্ষেত্রে কয়েকজন প্রার্থী 'প্রযোজ্য নয়' বা 'না' হিসেবে উল্লেখ করেছেন ৷ এছাড়া সকল প্রার্থীর ঋণের তথ্যও উল্লেখ নেই ৷ প্রার্থীদের অর্থ বিষয়েও সুস্পষ্ট কোন তথ্য উল্লেখ নেই তাই এ থেকে ধরে নেয়া যায় যে প্রার্থীরা নির্বাচনের ব্যয়ের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন ৷ সুতরাং হলফ করে যে সকল তথ্য দেয়া হয়েছে তার অধিকাংশই সঠিক নয় বলে আমরা মনে করি ৷ তবে যেহেতু হলফনামাগুলো জনসমক্ষে প্রচার করা হয়নি বা সংবাদ মাধ্যমকে দেয়া হয়নি এর সত্যাসত্য নিরূপণ করা সম্ভব নয়, এটাও রায়ের মূল লক্ষ্যের ব্যত্যয় ৷ এ ধরনের কোন ব্যতিক্রম ঘটলে রিটার্নিং অফিসার ঐ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করতে পারেন ৷ উল্লেখিত হলফনামার সকল তথ্য না দিলে প্রার্থীর বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তারও উল্লেখ সুস্পষ্ট নয় ৷ সামনে আরো উপনির্বাচন এবং তারও পরে জাতীয় নির্বাচন আসছে ৷ প্রার্থীগণ যাতে তাদের সঠিক তথ্য ভোটারদের অবগতির জন্য দেন সে ব্যাপারে তিনি গণমাধ্যমকে একটি বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন ৷ পুরো ব্যবস্থাটাই দায়সারা গোছেরভাবে পালন করা হচ্ছে দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন ৷ ১৯৭৩ সালের অর্ডার অনুসারে ভুল তথ্য প্রদান করলে নির্বাচন কমিশন দোষী ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারেন ৷ কিন্তু রাজনৈতিক বা যে কোন কারণেই হোক সুনামগঞ্জের রিটানিং অফিসার সেটা করতে চাচ্ছেন না বলেই প্রতীয়মান হয় বলে তিনি উল্লেখ করেন

এ,এস,এম শাহ্জাহান বলেন একটা ছোট মানুষ একটা ছোট ঘরে ঢুকে ভোট দেয় এবং সেখানেই শুরু হয় গণতন্ত্র ৷ কাজেই কাকে ভোট দিলাম সেটা ভালোভাবে জানা না থাকলে নির্বাচনে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় না, যার ফলে সত্যিকারের গণতন্ত্রও প্রতিষ্ঠিত হয় না ৷ মাননীয় আদালত রায়ে প্রার্থীদের যে আটটি তথ্য প্রকাশ করার কথা উল্লেখ করেছেন সেগুলো রিটার্নিং অফিসার কর্তৃক সবরাহকৃত তথ্যে সঠিকভাবে প্রতিফলিত হয়নি ৷ নির্বাচন কমিশন এই অসম্পূর্ণ তথ্য প্রদানের বিরুদ্ধে কোন প্রকার পদক্ষেপ নিচ্ছেন বলে মনে হয় না ৷ অথচ নির্বাচন কমিশনের অসম্পূর্ণ হলফনামাসহ ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র বাতিল করার ক্ষমতা রয়েছে
 

ড: বদিউল আলম মজুমদার উল্লেখ করেন, সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচনটি একটি ঐতিহাসিক ঘটনা এবং একটি টেস্ট্ কেস ৷ তিনি বলেন, হাইকোর্টের রায়ে প্রার্থীদের সম্পর্কে যে সকল তথ্য প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে তা যথাযথভাবে অনুসরণ করলে আমরা ভালো-মন্দের তফাত্‍টা বুঝতে পারবো ৷ এর ফলে একদিকে ভালো লোক নির্বাচন করতে আগ্রহী হবেন, অন্যদিকে অসত্‍ রাজনীতিবিদ ও কালো টাকার মালিকগণ নির্বাচন করতে নিরুত্‍সাহিত হবেন ৷ নির্বাচন কমিশন যে পরিপত্র জারি করেছে সেখানে প্রার্থী তথ্য গোপন করলে শাস্তির বিষয়ে সুস্পষ্ট কোন ব্যাখা নেই ৷ কিন্তু আমাদের সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের শাস্তি প্রদানের ক্ষমতা রয়েছে ৷ কিন্তু নির্বাচন কমিশন এ বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছে ৷ ফলে সুনামগঞ্জ ৩ উপনির্বাচন নিয়ে একটা দায়সারা কার্যক্রম চলছে ৷ অথচ সুনামগঞ্জ নির্বাচনে কি হবে তার উপর নির্ভর করছে আগামী নির্বাচনে কোন ধরনের প্রার্থী নির্বাচিত হবে ৷ সত্‍, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের নির্বাচিত করতে পারলে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন রোধ হবে ৷ সংস্কারের ক্ষেত্রে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার এ দুটো খুবই আলোচিত বিষয় কিন্তু প্রার্থী ও রাজনৈতিক দল এ দুটি দিকেও দৃষ্টিপাত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন


Home  / Feedback

© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved.