3 August 2005

   
 

গ্রাম সরকার অবৈধ : হাইকোর্ট

bangladesh high courtবাংলাদেশের হাইকোর্ট মঙ্গলবার দেশটির স্থানীয় সরকারব্যবস্থার সবচেয়ে তৃণমূল পর্য্যায়ের প্রতিষ্ঠান গ্রাম সরকারকে অবৈধ ঘোষণা করেছে । হাইকোর্ট বলছে এই আইনে যে গ্রাম সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা সংবিধানসম্মত হয়নি কেননা, এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা কেউই সরাসরি নির্বাচিত নন ।

একটি বেসরকারী মানবাধিকার প্রতিষ্ঠান - বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ( ব্লাষ্ট) এর আবেদনের ওপর শুনানীর পর হাইকোর্ট এই সিদ্ধান্ত দেয় । ব্লাষ্ট তার আবেদনে দাবী করেছিলো যে অনির্বাচিত ব্যাক্তিরা এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছে এবং সেটা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় ।

সরকারের পক্ষের আইনজীবিরা বলেছেন যে রাষ্ট্রপক্ষ এই রায়ের বিরুদ্ধে আপীল করবে ।দেশটিতে মোট ৩৯৭৮৬টি গ্রাম সরকার গঠিত হয়েছে ।

২০০২ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার এই গ্রাম সরকার আইন তৈরী করে এবং সেই আইনের আওতায় এসব গ্রাম সরকার গঠিত হয় । গ্রাম সরকারের ধারণার প্রবর্তন করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তিনি রাষ্ট্রপতি থাকাকালে আশির দশকে এই ব্যবস্থা চালু করেছিলেন । কিন্তু, পরে জেনারেল এরশাদের সামরিক শাসনের সময়ে তা বন্ধ হয়ে যায়।  এরপর বি এন পি একানব্বুই সালে ক্ষমতায় আসলেও তখন তারা এই ব্যবস্থা কার্য্যকর করতে পারেনি । 

হাইকোর্টর রায়ের পর স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া এবিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজী হন নি।  মি ভুঁইয়া বলেছেন যে রায়ের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরই সরকার এবিষয়ে তার অবস্থান জানাবে । 

 

http://www.bbc.tv/bengali/news/story/2005/08/050802_kagramsarkar.shtml

 


Home  / Feedback / Subscribe

© 2005 The Hunger Project-Bangladesh. All rights reserved.