প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

মেধা যাচাই পরীক্ষা সাড়া জাগিয়েছে গোটা হেসাখালে

'উন্নত জীবনের সন্ধানে তারুণ্য' এ শ্লোগানকে সামনে রেখে গত ২২ সেপ্টেম্বর ২০০৫ ইয়ূথ এন্ডিং হাঙ্গার হেসাখাল ইউনিট আয়োজন করে মেধা যাচাই পরীক্ষা ৷ স্থানীয় হেসাখাল বাজার হাইস্কুলে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা ৷ নাঙ্গলকোট থানার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান যুব উদ্যোগ শিশু নিকেতন, হেসাখাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয় থেকে দেড় শতাধিক ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ৷ যার মধ্যে ছাত্রী ছিল ৭৮ জন ৷ প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে শিক্ষার্থীর যখন অনাগ্রহ, তখন এ উদ্যোগ পুরো শহরে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে হৈ চৈ ফেলে দিয়েছে ৷

সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করে ৷ বেলা ১০ টার সময় যখন পরীক্ষা শুরু হলো তখন হেসাখাল বাজার হাইস্কুলের সব কটি রুম প্রার্থীতে পরিপূর্ণ ৷ একটিও অতিরিক্ত সীট ফাঁকা নেই ৷ তখনও অংশগ্রহণকারীরা আসছিল ৷ কিন্তু তাদের ফিরে যেতে হয়েছে ৷ তৃতীয় থেকে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে ৷ প্রায় শতাধিক অভিভাবকের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত ৷

এ পরীক্ষার উদ্দেশ্য ছিল - ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ অভ্যাস বৃদ্ধি করা ৷ নিজেকে সমৃদ্ধ করতে পাঠ্য পুস্তকের বাইরেও পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করা ৷ অভিভাবকদেরকেও উত্‍সাহিত করা যাতে করে তারা তাদের সন্তানদের নন একাডেমিক বিষয়ে পড়ার প্রতি যত্নবান হন ৷

পরীক্ষার প্রশ্নপত্র করা হয় পাঠ্য পুস্তকের ভিতর থেকেই, কিন্তু নিয়মিত পাঠ্যসূচির বাইরে ৷ সাধারণত পরীক্ষায় দেখা যায় ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট কিছু বিষয় নির্বাচন করে দেয়া হয় ৷ ফলে ছাত্র-ছাত্রীরা ওই সকল নির্বাচিত বিষয়গুলোর প্রতিই মনোযোগী হয় ৷ কিন্তু ওই বিষয়গুলো ছাড়াও পাঠ্য বইতে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, যা তাদের দৃষ্টির অগোচরেই রয়ে যায় ৷ তাদের চিন্তা চেতনা হয়ে ওঠে অনেকটাই ছাঁচে ঢালা, বিশেষত সিলেবাসকেন্দ্রিক ৷ তাই এ পরীক্ষার অন্যতম একটি উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদের জ্ঞানশিখার এ মৌলিক দিকটিতে নাড়া দেয়া ৷

প্রায় দুই মাস আগে থেকে এ পরীক্ষার জন্য আয়োজকদের প্রস্তুতি চলছিল ৷ হেসাখাল ইউনিটে এ নিয়ে ছিল সাজ সাজ রব ৷ সদস্যরা এ উদ্যোগে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা নেবার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক প্রচারাভিযান, কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করে ৷ এ কারণেই মেধা যাচাই পরীক্ষার গুরুত্ব গভীরভাবে ছাত্র-ছাত্রীসহ শিক্ষক ও অভিভাবকদের সমভাবে উত্‍সাহিত করে ৷ এর ফলে ছাত্র-শিক্ষক সুসম্পর্কের নতুন ভিত্তি রচিত হয়েছে ৷ যা শিক্ষার সার্বিক মান উন্নয়নে সত্যিই গুরুত্বপূর্ণ ৷

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইউনিট একটি ১১ সদস্য বিশিষ্ট মেধা বিকাশ পরীক্ষা প্রস্তুতি কমিটি গঠন করে ৷ ইয়ূথ লীডার মনির হোসেন শামীম এই টিমের নেতৃত্ব দেয় ৷ পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সকল কর্মকাণ্ড এই কমিটিই নিখুঁতভাবে পরিচালনা করে ৷ আর এই টিম যাতে করে সঠিকভাবে এগোতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করে ময়মনসিংহের ইয়ূথ লীডার ইয়ূথ একটিভিস্ট সুব্রত কুমার পাল ৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করে ইয়ূথ লীডার মো: হান্নান ৷

এ পরীক্ষা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের অনুভূতি উল্লেখযোগ্য ৷ হেসাখাল বাজার হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন 'উদ্যোগটি খুবই ইতিবাচক ৷ এ পরীক্ষাটি অবশ্যই ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবে ৷ তবে এটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার ৷ আমি এ প্রক্রিয়ায় অবদান রাখতে চাই ৷'

উপস্থিত একজন অভিভাবক জানালেন - 'আমার মেয়ে এই পরীক্ষায় অংশ নেয় নি ৷ আমি নিজেও তাকে উৎসাহিত করি নি ৷ ভেবেছিলাম সময় নষ্ট করবে ৷ কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি ৷'

একজন অংশগ্রহণকারী জানায় 'এ পরীক্ষায় অংশগ্রহণের ফলে পরবর্তী বার্ষিক পরীক্ষায় তার ফলাফল অনেক ভাল হয়েছে ৷ এ পরীক্ষাটি বার্ষিক পরীক্ষায় ভাল ফলাফল করতে সহায়ক হিসেবে গড়ে উঠেছিল ৷'

শামীম এবং হান্নান

প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

ইউনিকোডে কনভার্টিং এবং ইলেক্ট্রনিক ভার্সনে: মরিয়ম খাতুন
সার্বিক সহযোগিতায়: সৈয়দ জিয়াউল হাবীব রুবন
ডকুমেন্টেশন ইউনিটের একটি অনবদ্য প্রয়াস

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ  কর্তৃক ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর
 
ঢাকা-১২০ থেকে প্রকাশিত ও প্রচারিত
ফোন: ৮১১২৬২২, ফ্যাক্স: ৮১১৬৮১২, ই-মেইল:
thpb@bangla.net ওয়েব সাইট: www.thpbd.org/yeh

Home  / Feedback / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.