|
সম্পাদকীয়
ফেব্রুয়ারি মাস আমাদের সকলের জন্য বিশেষ একটি মাস ৷ এ মাসটিতেই
ভাষার জন্য অকাতরে প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, শফিক, বরকত,
জব্বারসহ আরো অনেকে ৷ পৃথিবীর ইতিহাসে এমন গৌরবগাঁথা আর একটিও
খুঁজে পাওয়া যাবে না ৷ তাঁদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা
পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার ৷ তাই এ মাসের ২১
ফেব্রুয়ারি দিনটির তাত্পর্য ও গুরুত্ব আজ আন্তর্জাতিকভাবেও
স্বীকৃত ৷ বিশ্ব আজ সোচ্চার প্রতিটি জাতির নিজের ভাষার
স্বীকৃতি আদায়ে ৷ তবুও কথা থেকে যায় ৷ কারণ এতকিছুর পরও
পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত কোনঠাসা হচ্ছে বিভিন্ন
ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, সংস্কৃতি চর্চা, ভাষা
আর ঐতিহ্য ৷ এক ধরণের আগ্রাসন ক্রমশই অবরুদ্ধ করছে আমাদের
মননশীলতা ৷ আকাশ সংস্কৃতির বদৌলতে আমরা দিন দিন ধাবিত হচ্ছি
অস্থির সাংস্কৃতিক বলয়ে ৷ গলা টিপে হত্যা করছি অথবা
ক্ষতিগ্রস্থ করছি আমাদের নিজস্বতাকে ৷ এই অবস্থার দ্রুত
পরিবর্তন প্রয়োজন ৷ আমাদের রয়েছে লালন, হাছন রাজা, রবীন্দ্রনাথ
ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিম, হেমচন্দ্র, নবীনচন্দ্র,
সত্যেন্দ্র নাথ দত্ত, জসীম উদ্দীন, সুকান্ত, শামসুর রহমান এবং
শত শত বছরের সাংস্কৃতিক-রাজনৈতিক ঐতিহ্য ৷ আমরা মিলব আর মিলাব,
পাশাপাশি উজ্জ্বল হবো আপন মহীমায় ৷ এটাই হোক আজকের অঙ্গীকার ৷
|