প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

পাঠচক্র সংবাদ

১৩ জানুয়ারি মেহেরপুর জেলা ইউনিটের উদ্যোগে স্থানীয় অক্সফোর্ড কিন্ডার গার্টেনে একটি পাঠচক্র অনুষ্ঠিত হয় ৷ পাঠচক্রের বিষয় ছিল 'প্রাণের ক্রমবিকাশ' ৷ পাঠচক্রটিতে মেহেরপুর জেলা ইউনিট এবং আহমেদ আলী কলেজ ইউনিটের ২৭ জন সদস্য অংশগ্রহণ করে ৷ এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ পরিমল সরকার, জেলা ন্যাপ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, প্রথম আলো বন্ধু সভার  সহ-সম্পাদক জনাব নাসির উদ্দিন ৷ পাঠচক্রে বিষয় উপস্থাপন করে এ ইউনিটের যুগ্ম কোঅর্ডিনেটর মির্জা গালিব উজ্জ্বল এবং পরিচালনা করে ইউনিট কোঅর্ডিনেটর মোঃ সাইফুল আজম রতন ৷ বিষয়ের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে রিপন, বাপ্পী, রানা, সাইদুর, আউলিয়া, রাসেল, শুচি, ম্যাডোলিন, সেগুফা, স্বন্ধি ও সোহেল ৷

'মেধার বিকাশ হোক সকলের অঙ্গীকার' - এ শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম থানার বালারহাট ইউনিয়নের মানচিত্র ইউনিট নিয়মিতই পাঠচক্রের আয়োজন করে ৷ এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ডাঃ নজির হোসেন মানচিত্র পাঠাগারে শরত্‍চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাস নিয়ে পাঠচক্রের আয়োজন করে ৷ এতে ১৫ জন সদস্য অংশগ্রহণ করে ৷ উক্ত পাঠচক্রে বিষয়টি বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে ইউনিটের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, ইয়ূথ লিডার রেফাজুল আলম, শরিফ আহমেদ, সহকারী কোঅর্ডিনেটর রাসেল মাহমুদ, জেবিন আহমেদ, কোঅর্ডিনেটর নাজমুল, সুবোধ পাল আব্দুর রহিম, আব্দুর রহমান, রাজন আহমেদ এবং কাজল ৷

রিপোর্ট: মোঃ সাইফুল আজম রতন, রেফা ও রহিম


ইয়ূথ সদস্যের রাষ্ট্রপতি পদক লাভ

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশের জাতীয় সম্মেলন কমিটির সদস্য এ কে মানিক স্কাউটের একজন সক্রিয় সদস্য হিসেবে স্কাউটের  সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি পদক লাভ করেছে ৷ তার এ সাফল্যে সকল ইয়ূথ সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন ৷ উল্লেখ্য যে মানিক বর্তমানে ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের জি কে পি কলেজের একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মানিক তোমার ভবিষ্যত্‍ পথচলায় আমাদের সকলের শুভ কামনা রইল ৷


তিন সদস্যের 'কিশোরী সংঘ এ্যাওয়ার্ড ২০০৫' লাভ

জানুয়ারি মাসের ২৭ তারিখ দিনটি ছিল রাজশাহীর মোহনপুর থানার কিশোরী সংঘ ইউনিটের প্রতিটি সদস্যের জন্য একটি বিশেষ দিন ৷ কারণ এ দিনটিতেই জন্ম হয়েছিল ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের কিশোরী সংঘ ইউনিট ৷ প্রতিটি সদস্যের আন্তরিকতা আর ভালবাসার নিবিড় ছোঁয়ায় তিল তিল করে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে কলেবর ৷ প্রথমে গোটা কয়েক জন সদস্য নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে এ ইউনিটের সদস্য সংখ্যা শতাধিক ৷

ইউনিটের প্রায় প্রতিটি সদস্য যার যার দায়িত্বের প্রতি আন্তরিক ৷ সংগঠনের সদস্যরা যেন আরো নিবিষ্ঠতার সাথে দায়িত্বে মনোনিবেশ করতে পারে তাই এবারই সিদ্ধান্ত হয় অগ্রসর সদস্যদের ইউনিটের পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননা প্রদানের ৷ সদস্যদের যৌথ মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত হয় এ সম্মাননা 'কিশোরী সংঘ এ্যাওয়ার্ড ২০০৫' নামে ভূষিত হবে ৷ অবশেষে দিনক্ষণ ঠিক করে শুরু হলো আয়োজনের প্রস্তুতি ৷ অনুষ্ঠানের অতিথি ঠিক করা, উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে যোগাযোগ করা, পুরস্কার নির্বাচন করা এমনি হাজারো ব্যস্ততা ৷ পাশাপাশি ছিল যোগ্য নির্বাচনের গুরু দায়িত্ব ৷ প্রকৃত পক্ষে কারা হবে এ সম্মানের জন্য যথাযথ ৷ কি তার বৈশিষ্ট্য ৷ অবশেষে ঠিক হলো ইউনিটে যারা সারা বছরব্যাপী সম্পৃক্ত থাকবে এবং অবদান রাখবে তারাই হবে যোগ্য এবং নির্বাচিত ৷

সিদ্ধান্তানুযায়ী এ বছর যারা যোগ্যতার মাপকাঠিতে সম্মাননা পেয়েছে তারা হলো শেলিনা আক্তার রোজিনা, ফারজানা আক্তার শ্রাবণী, মিতু, শিউলী এবং মুক্তা ৷ অনুষ্ঠানের এক পর্যায়ে শেলিনা আক্তার রোজিনা তার অনুভূতি প্রকাশে বলে, ''আমি ইয়ূথ এন্ডিং হাঙ্গারের সাথে যুক্ত হয়ে আরো সমৃদ্ধ হয়েছি ৷ আজকে আমার সংগঠনের বন্ধুরা আমাকে যে সম্মানে সম্মানিত করলো তাতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল ৷ তাই সংগঠনে আরো বেশি নিবেদিত হওয়াই আমার অন্যতম ব্রত" ৷ সম্মাননা প্রদান এবং কিশোরী সংঘ ইউনিটের বর্ষপূর্তি অনুষ্ঠানে শুধু যে ইউনিটের সদস্যরাই উপস্থিত ছিল তা নয় ৷ সদস্যদের সাথে উপস্থিত হয়েছিলেন ইউনিট উপদেষ্টা মন্ডলীবৃন্দ ৷ তাঁদের একজন ড. আল মামুনুর রশিদ ৷ তিনি তাঁর বক্তব্যে বলেন, "ইয়ূথ সদস্যরা স্বেচ্ছায় একটি বিরাট দায়িত্ব নিজেরা কাঁধে তুলে নিয়েছে ৷ তার প্রমাণ তাদের কর্মে প্রতিফলিত ৷ আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করতে চাই ৷ এটাই আমাদের অন্যতম দায়িত্ব" ৷ পরিশেষে ইউনিট সদস্যদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটির সফল পরিসমাপ্তি ঘটে ৷

রিপোর্ট: কাজল লত


বিতর্ক প্রতিযোগিতায় মানচিত্র ইউনিট

'শহরের চেয়ে গ্রামই ভাল' এ বিষয় নিয়ে গত ২৩ জানুয়ারি কুড়িগ্রাম থানার বালারহাট ইউনিয়নের মানচিত্র ইউনিট বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ৷ বিষয়ের পক্ষে ছিল নাজমুল, সুবোধ ও আব্দুর রহমান এবং বিপক্ষে ছিল আদম, রাসেল ও হুমায়ূন ৷ ইয়ূথ লিডার রেফাজুল আলমের সভাপতিত্ব ও পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্বপালন করে কাজল, বিপ্লব ও তাজুল ৷ ইউনিটের সদস্যদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় জয়ী হয় বিপক্ষ দল ৷ প্রতিযোগিতা শেষে কলম উপহার দিয়ে বিজয়ীদের পুরস্কৃত করা হয় ৷ প্রতিযোগিতা শেষে ইউনিট সদস্যরা প্রতি সপ্তাহে এ ধরণের বিতর্ক আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে ৷ পরের সপ্তাহে ইউনিটটির উদ্যোগে ডাঃ নাজির হোসেন পাঠাগারে 'বিজ্ঞান আশির্বাদ নয় অভিশাপ" এ বিষয়ে আরো একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ বিতর্কের পক্ষে ছিল সুবোধ চন্দ্র পাল (দলনেতা), নাজমুল হুদা ও মোজাম্মেল বিপক্ষদলে ছিল আদম (দলনেতা), শরীফ ও হুমায়ূন ৷ প্রতিযোগিতায় জয়ী হয় বিপক্ষদল এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে শরীফ ৷
রিপোর্ট: কাজল, লিটন


সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-মানচিত্র ইউনিটের উদ্যোগে ২১ জানুয়ারি একটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মোঃ হাছেন আলী, বিশেষ অতিথি ছিলেন ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজার রহমান, সাংবাদিক সিদ্দিকুর রহমান শাহীন সাইফুর রহমান দুলু, মোঃ জামিউল ইসলাম, মোঃ লুত্‍ফুর রহমান এবং আহমেদ আলী ৷ এ প্রতিযোগিতায় সর্বমোট ৩৫ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করে ৷ তাদের মধ্যে বিজয়ী হয় মোজাইদুল হক, সেলিনা, হাফিজুর এবং স্মৃতি রায় ৷ বিজয়ীদের গোলাপের চারা পুরস্কার দেওয়া হয় ৷ আয়োজনটি সার্বিকভাবে সফল করতে যারা বিশেষ ভূমিকা পালন করে তারা হলো ইউনিটের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, একরামুল হক, আব্দুল মান্নান, ইয়ূথ লিডার রেফাজুল আলম, শরিফ আহমেদ, সহকারী কোঅর্ডিনেটর রাসেল মাহমুদ, জেবিন আহমেদ, কোঅর্ডিনেটর নাজমুল, সুবোধ, রাজন, আদম, বিপ্লব, তাজুল, সুশান্ত, আঃ রহমান, নুরআলম এবং রুবেল ৷
রিপোর্টঃ রেফাজুল আলম


দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ

গত ১৩ জানুয়ারি এবং ১৭ ফেব্রুয়ারি রংপুরের চেতনা ইউনিটের উদ্যোগে কল্যাণী ইউনিয়নের কয়েকটি স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর দরিদ্র ৩০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে ৷ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার চৌধূরী ৷ এছাড়াও ইউনিটের সদস্য নূর এ আলম, বকুল, নাজমুল, মতিহার, করমান, উদয়, উত্তম, ছমির, হারুন, মুছা, আলমগীর এবং ন্যাশনাল ফোরাম সদস্য মাহমুদ হাসান রাসেল উপস্থিত থেকে আয়োজনে সহযোগিতা করে ৷ ইউনিট সদস্যরা জানায়, তারা এ ধরণের একটি উদ্যোগ নিয়েছে সামাজিক দায়িত্ববোধের তাগিদে ৷ যে কারণে এ কাজের জন্য তারা নিজেদের তহবিল থেকে অর্থ সংগৃহ করে নিজেদের সহপাঠীদের পাশে দাঁড়িয়েছে ৷
রিপোর্ট: রবিউল


পিরোজপুর ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-পিরোজপুর ইউনিট এবং স্পোকেন ইংলিশ ক্লাব যৌথভাবে গরীব শীতার্তদের জন্য শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি পালন করেছে ৷ শীতবস্ত্র সংগ্রহের জন্য সদস্যরা পিরোজপুর মহিলা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ফাতেমা কিন্ডার গার্টেন, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাদশা ছায়া নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে প্রায় তিন শতাধিক বিভিন্ন ধরনের শীতবস্ত্র সংগ্রহ করে ৷ এই সকল শীতবস্ত্র সংগ্রহ করে একজন ইয়ূথ সদস্যের বাসায় জমা করে রাখা হয় ৷ তারপর ২৫ জানুয়ারি পিরোজপুর জেলার তেজদাশকাঠী, ষাড়ের হাট, বাদুড়াসহ বিভিন্ন স্থানে এ সকল শীতবস্ত্র বিতরণ করা হয় ৷ এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক শীতবস্ত্র দরিদ্র ভিখারীদের মাঝেও বিতরণ করা হয় ৷ শীতবস্ত্র কর্মসূচিকে সফল ও সার্থক করতে নেতৃত্ব প্রদান করে ইয়ূথ এন্ডিং হাঙ্গার-পিরোজপুর ইউনিটের ইয়াসিন ফেরদাউস শোভন ও তানিয়া আফরিন ঝুমুর ৷ স্পোকেন ইংলিশ ক্লাবের পক্ষে দায়িত্ব পালন করে উপদেষ্টা পিস কোরের সদস্য ক্রিজ আরডাল ও কেট হেনরী ৷


চাঁদপুরে শীতবস্ত্র বিতরণ

গত ২৬ ডিসেম্বর চাঁদপুর পুরাতন বাজার ডিগ্রী কলেজে ইউনিটের সদস্যরা কলেজে শীতার্তদের জন্য শীতবস্ত্র সংগ্রহ করে ৷ পরে তারা দরিদ্র এবং অসহায় বাস্তুচ্যুত মানুষদের মধ্যে তা বিতরণ করে ৷ এ সময় তাদের সঙ্গে ছিলেন কলেজের ভূগোল বিভাগের শিক্ষক জনাব মোশারফ হোসেন ৷ তিনি ছাত্র-ছাত্রীদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ৷ শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণে ইউনিটের সদস্যদের মধ্যে ছিল বাপ্পী, প্রিয়া, শুচি, অঞ্জণসহ অন্যান্যরা ৷
রিপোর্ট: প্রণব আচার্য্য


নোয়াখালীতে দাহকালের কবিতাপাঠ ও 'চেতনা সংলগ্ন' প্রকাশিত

স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৭ই ডিসেম্বর ইয়ূথ এন্ডিং হাঙ্গার নোয়াখালী জেলার সবকটি ইউনিটের বন্ধুরা পড়ন্ত বিকেলের শীতোষ্ণতায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বর্তমান বিরুদ্ধ সময়ের প্রতিবাদ কিংবা চেতনার বহ্নি শিখা উস্কে দেওয়ার জন্য এক বৃন্তে আবদ্ধ হয়েছিল ৷ রঙ হারানো পতাকা কিংবা সবুজ বেলাভূমির সতীত্ব ফিরিয়ে আনার প্রত্যয়ে আলোক পিয়াসী বন্ধুরা দাহকালের কবিতা পাঠ করে ৷ কবিতা পাঠে অংশগ্রহণ করে ইয়ূথ একিটিভিস্ট প্রণব আচার্য্য, অরূপ সাহা, ইয়ূথ লিডার মিঠুন, সৌমিত্র, এছাড়া ইয়ূথ সদস্য রেনু, কাব্য, রনি, নিলয়সহ আরো অনেক বন্ধু ৷ বৈঠকের প্রান্তিক সময়ে দশম জাতীয় সম্মেলন কমিটির সদস্য আশিকুল ইসলাম-এর হাতে কবিতাপত্র 'চেতনা সংলগ্ন' এর মোড়ক উন্মোচন হয় ৷ প্রকাশনাটি সম্পাদনায় ছিলেন রাজীব জবড়জঙ্গ ও যিশু মুহাম্মদ ৷ সম্পাদকের একগুচ্ছ আশাবাদী লেখনিতে খুব সহজেই উপলব্ধি করা যায় আজ আমাদের চেতনার কতটুকু বহিঃপ্রকাশ প্রয়োজন ৷

কবিতাপত্র সমালোচনায় প্রণব আচার্য্য বলেন, 'চেতনা সংলগ্ন' এই নামটির অন্তর্নিহিত ভাব ও বোধ অত্যন্ত অতলান্তিক ৷ আজ আমাদের চেতনায় কীটের আক্রমণ ৷ ক্ষতবিক্ষত হচ্ছে দেশাত্ববোধ ও দেশের সতীত্ব ৷ তাই বলে আমরা চেতনাবিহীন যন্ত্রমানবে পরিণত হই নি ৷ হৃদয়ের অতলে সঞ্চিত চেতনাকে প্রদীপ্ত করে সকল প্রতিবন্ধকতার বিরূদ্ধে প্রতিঘাত করবো ৷ 'চেতনা সংলগ্ন' তারই একটি বহিঃপ্রকাশ ৷" এছাড়াও চেতনাকে সংলগ্ন করে সকলেই দেশের বর্তমান অরাজগতা ও অস্থিরতায় নিজের করণীয় ও আস্থার প্রকাশ সুনিপূণভাবে তুলে ধরেন এবং কবিতাপত্রটির সফলতা ও সার্থকতা কামনা করেন ৷ অনুষ্ঠানকে প্রাণবন্তকরণে ছিল করিম, উত্‍পল, তোহিদ, ইভান, শিবলু বন্ধুর, সালমা, জামাল প্রমুখ ৷ অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন যিশু মুহাম্মদ ৷


বিজয়ের সৌরভে প্রকাশ

সুস্থ্যধারার সাহিত্য চর্চাকে অনুপ্রেরণা যোগানের উদ্দেশ্যে কিশোরী সংঘ ইউনিটের উদ্যোগে দেয়াল পত্রিকা 'বিজয়ের সৌরভ' প্রকাশিত হয় ৷ ইউনিট কোঅর্ডিনেটর কাজললতা সম্পাদিত পত্রিকাটি শুভ উদ্বোধন করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম গোলাম কিবরিয়া ৷ সংকলটিতে মোহনপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদ আলীর বাণী, আট জন কবির কবিতা এবং ইউনিট সদস্যদের রচনা প্রকশিত হয় ৷ পত্রিকাটির সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ফারজানা আক্তার শ্রাবণী ৷
রিপোর্ট: শ্রাবণী


স্বাধীনতা দিবসে নাটিকা প্রদর্শনে বিশেষ কৃতিত্ব লাভ


স্বাধীনতা দিবসে আয়োজিত অনুষ্ঠানে মোহনপুরের কিশোরী সংঘ ইউনিটের শেলিনা আক্তার রোজিনা, মুক্তা এবং কাজললতা অভিনিত ''আমি ৭১' এর যোদ্ধা" নাটিকাটি প্রথম স্থান অর্জন করে ৷ নিজেদের রচনা এবং পরিচালনায় প্রদর্শিত নাটিকাটি উপজেলা পর্যায়ে পুরস্কার লাভ করায় রোজিনা আবেগরুদ্ধ হয়ে বলে, শত শত মানুষের মাঝে অভিনয় করে বিজয়ী হয়ে নিজেকে খুব সাহসী মনে হচ্ছে ৷ এর মধ্য দিয়ে আবারো এটাই প্রমাণিত হলো, মানুষ ইচ্ছে করলে যে কোন ভাল কাজে সফল হতে পারে
রিপোর্ট: কাজললতা


নিরাপদ সড়কের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
 

গাড়ী চালকদের ট্রাফিক আইন অমান্য এবং প্রশাসনের উদাসীনতার কারণে লাগামহীন বেড়ে চলছে সড়ক দুর্ঘটনা ৷ রাজপথ ক্রমশ: রঞ্জিত হচ্ছে, পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অসংখ্য মানুষকে ৷ বিপর্যস্ত হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং প্রকারান্তরে রাষ্ট্র ৷ অঙ্কুরেই নিভে যাচ্ছে অনেক না দেখা স্বপ্ন ৷ তেমনি একটি দুর্ঘটনা পাল্টে দিয়েছে একটি পরিবারের চিত্র ৷ গত ৮ জানুয়ারি নোয়াখালীর প্রাণকেন্দ্র মাইজদি টাউন হল চত্বরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন নোয়াখালী জেলা স্কুলের প্রবীন শিক্ষক জগদীশ দাস ৷ প্রিয় শিক্ষকের মৃত্যুতে শোকাতুর ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন সংগঠন সড়ক দুর্ঘটনা রোধে প্রতিবাদস্বরূপ ১৮ জানুয়ারি টাউন হল চত্বরে এক মানববন্ধন ও শোকসভার আয়োজন করে ৷ সকাল ১০টায় মানববন্ধন শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয় ৷ এতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাধারণ মানুষসহ নোয়াখালীর সকল সামাজিক, সাংস্কৃতিক, প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের পাশাপাশি ইয়ূথ এন্ডিং হাঙ্গারের জেলা ইউনিট, কলেজ ইউনিট এবং নোয়াখালী জেলা স্কুল ইউনিট অংশগ্রহণ করে ৷

শোক সভায় বক্তারা বলেন গাড়ী চালকদের অদক্ষতা, অসচেতনতার পাশাপাশি দুর্ঘটনা রোধে প্রশাসনের নীরব ভূমিকার কারণে সড়ক দুর্ঘটনার হার বেড়ে চলেছে ৷ আলোচনায় নোয়াখালী সরকারি কলেজ ইউনিটের কো-অর্ডিনেটর বলেন, "সড়ক দুর্ঘটনা, এটি একটি নীরব ঘাতক ৷ এর বিরুদ্ধে সর্বস্তরের প্রতিরোধ গড়ে না তুললে আমরা কেউই আর নিরাপদ থাকবো না, নিরাপদ থাকবে না আমদের ভবিষ্যত বংশধররাও ৷ এমন চলতে থাকলে একদিন হয়তো আমি অথবা আমার কোন প্রিয়জন অকালে মৃত্যুতে হারিয়ে যাবে কিংবা পঙ্গুত্বের দুর্বিসহতা নিয়ে বেঁচে থাকতে হবে ৷" আলোচনায় অংশগ্রহণ করেন এনআরডিএস এর নোয়াখালী অঞ্চলের সমন্বয়ক জনাব আব্দুল আউয়াল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব দেলওয়ার হোসেন মিন্টু, এডভোকেট আকবর হোসেন, প্রথম আলো বন্ধুসভা নোয়াখালীর আহবায়ক জনাব নাজমুল হুদা পাপ্পুসহ আরো অনেকে ৷ মানববন্ধন ও শোকসভায় নিহতের পরিবারবর্গ অংশগ্রহণ করেন ৷ নিহতের পরিবার সড়ক দুর্ঘটনা রোধে সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান ৷
 

প্রচ্ছদ ।  সম্পাদকীয় ।  কর্মশালা ।  প্রশিক্ষণ ।  সংগঠন সংবাদ ।  অনুসন্ধান ।  টুকিটাকি

ইউনিকোডে কনভার্টিং এবং ইলেক্ট্রনিক ভার্সনে: মরিয়ম খাতুন
সার্বিক সহযোগিতায়: সৈয়দ জিয়াউল হাবীব রুবন
ডকুমেন্টেশন ইউনিটের একটি অনবদ্য প্রয়াস

ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ  কর্তৃক ৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর
 
ঢাকা-১২০ থেকে প্রকাশিত ও প্রচারিত
ফোন: ৮১১২৬২২, ফ্যাক্স: ৮১১৬৮১২, ই-মেইল:
thpb@bangla.net ওয়েব সাইট: www.thpbd.org/yeh

Home  / Feedback / Subscribe

© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved.