|
রংপুরের কোলকোন্দ ইউনিয়নে 'কোদাল দিবস' পালন
শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ব্যাপক কর্মোদ্দীপনা ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি, ২০০৬ তারিখে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নে একটি রাস্তা পুনর্নির্মাণের মধ্য দিয়ে পালিত হয়েছে এ বছরের 'কোদাল দিবস'৷
২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রথমবারের মত উজ্জীবক ও ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটি রাস্তা পুনর্নির্মাণ করা হয় ৷ এবং ঐ দিনই সম্মিলিতভাবে প্রতিবছর ইউনিয়নের একটি রাস্তা নির্মাণ ও সংস্কারের মধ্য দিয়ে এই 'কোদাল দিবস' পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷
যেখানে 'টাকা ছাড়া কোন কাজই সম্ভব না'- এমন একটি ধারণা সমাজে প্রতিষ্ঠিত রয়েছে সেখানে কোলকোন্দ ইউনিয়নের প্রায় ৩০০ জন মানুষ কোন রকম অর্থ অথবা বাইরের সহায়তার জন্য বসে না থেকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অর্ধেকবেলা কাজ করে একটি রাস্তা পুনঃনির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৷ কোদাল দিবস পালনেরর আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিলো যে, স্বেচ্ছাব্রতীদের অর্ধেকই ছিলেন নারী ৷
রাস্তা নির্মাণের কাজ শেষে একটি সমাবেশের আয়োজন করা হয় ৷ সমাবেশে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামালসহ এলাকার উজ্জীবক ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ৷
- জাহানারা সিমা
গোকর্ণ ইউনিয়নে উজ্জীবকদের অংশগ্রহণে হাম প্রতিরোধ কর্মসূচি সফল
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নে উজ্জীবকদের নেতৃত্বে হাম প্রতিরোধ কর্মসূচি একশত ভাগ সফল হয়েছে ৷ গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে ইউনিয়নের সূচীউড়া, চৈয়ারজুড়ি এবং পাঠানিশা গ্রামের ৩,১০০ জন ১ থেকে ১০ বছর বয়সী শিশুকে এ টিকা দেয়া হয় ৷ হাম প্রতিরোধ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ২০ ফেব্রুয়ারি গোকর্ণ উজ্জীবক সংগঠনের কার্যালয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয় ৷ ৩৪ জন নারী এবং ৮ জন পুরুষ এতে অংশগহণ করে ৷ সভায় স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে ইউনিয়ন থেকে হাম নির্মূলের সিদ্ধান্ত নেয়া হয় ৷ পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী উজ্জীবক মুসলিমা খাতুন, মঞ্জুরাণী রায়, ফাহিমা আক্তার, উজ্জীবক সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আতিকুর রহমান, পলাশ দেব, রোকসানা পারভীন, কাকলী রায়, প্রেমবালা, শাহানা বেগম, লিপি বেগম, জুরবানু, পিলু রাণী দেব, সৈয়দ আবেদ উল্ল্যা টিকা প্রদান কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন ৷
ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন মোঃ ইসাহাক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আশরাফুজ্জামান এবং সেভ দি চিলড্রেন কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন উক্ত কর্মসূচি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন ৷
- নজরুল আহমেদ
|
ঘোষণা |
|
মাসিক উজ্জীবক বার্তায়
পাঠকদের স্বতন্ত্র, নিজস্ব, বৈচিত্রধর্মী ও সৃষ্টিশীল ভাবনা
প্রকাশের উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রিয় পাঠক, উজ্জীবক বার্তা পাঠ করে
আপনার সুচিন্তিত মতামত, পরামর্শ, বিশ্লেষণ ও সমালোচনা লিখে
পাঠালে উজ্জীবকদের পত্রিকাটি সমৃদ্ধ হবে।

সম্পাদক
৩/৭ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর,
ঢাকা-১২০৭
ফোন: ৮১১-২৬২২,৮১২-৭৯৭৫; ফ্যাক্স:
৮১১-৬৮১২
ই-মেইল:
thpb@agni.com
|
|