|
সম্পাদকীয় |
|
উজ্জীবক বার্তা, বর্ষ-৬, সংখ্যা-২৬, ফেব্রুয়ারী-মার্চ ২০০৬ |

সারা দেশে অসংখ্য মানুষের অংশগ্রহণে বিপুল উত্সাহ-উদ্দীপনার সাথে
উদযাপিত হল '৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস - ২০০৬' ৷ নারী আন্দোলনের কর্মী, নারী সংগঠনসহ দেশের সর্বস্তরের উন্নয়নকামী সামাজিক-রাজনৈতিক ব্যক্তি ও সংগঠন দিবস
উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করে ৷ নানা আয়োজনের যাবতীয় বৈচিত্রকে ছাপিয়ে এবার একটিই সুর প্রধান হয়ে উঠেছে সকল আয়োজনে - ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল পর্যায়ে সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে ৷
ঐতিহাসিকভাবে নারী দিবস পালনের চেতনার সাথে যুক্ত রয়েছে নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধের লক্ষ্যে ধারাবাহিক আন্দোলন ৷ প্রায় শতাব্দীব্যাপী চলমান এ আন্দোলন বাংলাদেশের প্রেক্ষিতে অত্যন্ত তাত্পর্যপূর্ণ একটি বিষয় ৷ কারণ দারিদ্র্য-বঞ্চনা-নির্যাতনের শেকলে বাঁধা পড়ে এদেশের নারীরা যুগ যুগ ধরে মানবিক-নাগরিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে ৷ নারীদের প্রতি বৈরী বাস্তবতা জিইয়ে রাখার মাধ্যমে আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিজেকেই পঙ্গু করে রেখেছে ৷ আর এর অনিবার্য ফল ভোগ করছে পুরো জাতি যুগের পর যুগ ৷ তাই বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে নারীর অবস্থা ও অবস্থানের ইতিবাচন পরিবর্তন নিশ্চিত করার কোন বিকল্প নেই ৷
"সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নারীকে দেবে সমতা" - এই শ্লোগানকে ধারন করে এবছর দি হাঙ্গার প্রজেক্ট, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, ইয়ূথ এন্ডিং হাঙ্গার, উজ্জীবক, 'সুজন' প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলে দেশের পাঁচ শতাধিক স্থানে নারী দিবস পালন করেছে ৷ রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই কর্মতত্পরতা সর্বস্তরের মানুষের মাঝে পুরুষতান্ত্রিক মানসিকতা ও ব্যবস্থার বিরুদ্ধে অব্যাহত সংগ্রামের চেতনায় উদ্দীপ্ত করেছে ৷ এসব আয়োজন আমাদেরকে আশাবাদী করে, প্রেরণা জোগায় ৷ নাগরিক দায়িত্ববোধের ভিত্তিতে পরিচালিত সামাজিক আন্দোলন নারী-পুরুষ বৈষম্যমুক্ত একটি সমতার সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি করবে - এই প্রত্যাশাই হোক আমাদের সকলের পথচলার প্রেরণা ৷
|
|
<Index> |
|
© 2006 The Hunger Project-Bangladesh. All rights reserved. |